মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা:
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ধনু নদে অভিযান চালিয়ে ১৭০ বস্তা ভারতীয় কফি পাউডারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে লেপসিয়া নৌ-পুলিশ। এ সময় নৌকায় থাকা দুই পাচারকারীকে আটক করা হয়। জব্দ করা কফি পাউডার ও নৌকার মোট বাজারমূল্য ৪৬ লাখ ৭২ হাজার টাকা বেল জানানো হয়।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কাটাগাং সংলগ্ন ধনু নদে এই অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন—হবিগঞ্জের লাখাই থানার লক্ষ্মীপুর গ্রামের মৃত আরব আলীর ছেলে মো. আব্দুল খায়ের (৩১) এবং সুনামগঞ্জের তাহেরপুর থানার পুরাতন লাউরাঘর পূর্ব গ্রামের কাজল মিয়ার ছেলে মো. সিদ্দিকুল ইসলাম (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খালিয়াজুরী উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া ধনু নদকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র অবৈধ ভারতীয় পণ্য ও মাদক পাচার করে আসছে বলে অভিযোগ রয়েছে। এই নৌপথ দিয়ে কিশোরগঞ্জ, ভৈরব, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারতীয় পণ্য সরবরাহ করা হয়। স্থানীয়দের দাবি, সিন্ডিকেটের সদস্যদের মধ্যে পণ্য ও অর্থের ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জেরে প্রশাসন এই অভিযানে নামে। যদিও এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
লেপসিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জগত জ্যোতি চৌধুরী জানান, নদীতে নৌ-পুলিশের নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ ভারতীয় পণ্যের একটি চালান যাওয়ার খবর পাওয়া যায়। পরে সন্দেহভাজন নৌকাটিতে তল্লাশি চালিয়ে কফি পাউডার জব্দ ও দুই ব্যক্তিকে আটক করা হয়।
তিনি আরও জানান, পণ্যের পরিমাণ বেশি হওয়ায় তা রক্ষণাবেক্ষণ করতে কিছুটা সময় লেগেছে। এ ছাড়া লেপসিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে মামলা করার ব্যবস্থা না থাকায় খালিয়াজুরী থানায় মামলা দায়ের করা হয়েছে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন নৌ-পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। ১৫ নভেম্বর দুপুরে থানায় মামলাটি রুজু করা হয়।