পারভেজ আলী মোহর, বাঘারপাড়া (যশোর) :
যশোরের বাঘারপাড়া উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি স্থানীয় একটি ইটভাটার ম্যানেজার বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শিশুটির দাদা বাদী হয়ে বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাড়াভিটা বাজারসংলগ্ন সাকো ব্রিকস নামের একটি ইটভাটায় (কাঁচামাটির) ম্যানেজার হিসেবে কর্মরত ওয়াদিপুর গ্রামের মিন্টু (৪০) গত ১৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।
পরিবারের দাবি, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন ইটভাটার অপর পাশের ব্যবস্থাপক মফিজ। শিশুটির চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে ঘটনাটি কাউকে না জানানোর জন্য তিনি পরিবারকে চাপ দেন বলেও অভিযোগ রয়েছে।
পরদিন বুধবার বিকেলে শিশুটিকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
জানা গেছে, শিশুটির মা-বাবা তার সঙ্গে থাকেন না। সে দাদা-দাদির কাছে বসবাস করে। শিশুটির দাদি শেফালী এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় শিশুটির দাদা আলমগীর বাদী হয়ে বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
এদিকে এমন ন্যক্কারজনক অভিযোগের সুষ্ঠু তদন্ত, শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এ বিষয়ে বাঘারপাড়া থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।